দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দীর্ঘ ২১ বছর পর সব ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে পুনর্মিলনী আয়োজন করতে যাচ্ছে ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজ। আগামী ২৫ ডিসেম্বর স্কুল প্রাঙ্গণে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হবে।
পুনর্মিলনী উপলক্ষে শুক্রবার (৯ অক্টোবর) থেকে অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।
শুক্রবার বিকেল ৪টায় ইউরিয়া সার কারখানা কলেজ প্রাঙ্গণে রেজিস্ট্রেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুনর্মিলনী আয়োজক কমিটির আহ্বায়ক ও ১৯৭৭ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী বিশিষ্ট ব্যবসায়ী আবু ছাইদ। নিজে রেজিস্ট্রেশন সম্পন্ন করে তিনি কার্যক্রমের উদ্বোধন করেন। পরে আয়োজক কমিটির সদস্য ও উপস্থিত প্রাক্তন শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করেন। এ সময় শতাধিক প্রাক্তন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
আয়োজক কমিটির সদস্য সচিব, এপিএসসিএলের উপ-মহাব্যবস্থাপক এবং স্কুলের ১৯৯২ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী মোহাম্মদ এনামুল হক বলেন, ‘বিশ্বের যেকোনো প্রান্ত থেকে প্রাক্তন শিক্ষার্থীরা অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন। www.reunion.uskcalumni.org ওয়েবসাইটে প্রবেশ করে ৩০ নভেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে।’
তিনি আরও বলেন, ‘প্রাক্তন শিক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫০০ টাকা। পরিবারের সদস্য ও ড্রাইভারদের জন্য রেজিস্ট্রেশন ফি ১ হাজার ২০০ টাকা। তবে ৫ বছরের কম বয়সী শিশুদের জন্য কোনো রেজিস্ট্রেশন ফি দিতে হবে না।’
এনামুল হক বলেন, ‘এবারের রিইউনিয়নে শিক্ষকদের সম্মান জানানোতে বেশি জোর দেওয়া হচ্ছে। পিতা-মাতার পর একজন শিক্ষার্থীর জীবন গড়ার কারিগর শিক্ষকরা। প্রাক্তন ও বর্তমান সর্বোচ্চ সংখ্যক শিক্ষককে পুনর্মিলনীতে উপস্থিত করা এবং তাদের যথাযথ সম্মান জানাতে নানা প্রস্তুতি নিয়েছে আয়োজক কমিটি।’
উদ্বোধনী অনুষ্ঠানে পুনর্মিলনী-২০২৬-এর আয়োজক কমিটির আহ্বায়ক আবু ছাইদ বলেন, ‘জীবনের এই দীর্ঘ পথচলায় আমরা অনেক কিছু অর্জন করেছি, অনেক সম্পর্ক তৈরি হয়েছে। কিন্তু শৈশবের সেই বন্ধু, ক্লাসরুম, মাঠ, করিডোর, শিক্ষকদের শাসন, টিফিনের সময়ের আড্ডা কিংবা ছুটির ঘণ্টার সেই আনন্দ-এসব স্মৃতি কোনোদিন পুরোনো হয় না।’
সব প্রাক্তন শিক্ষার্থীকে রেজিস্ট্রেশন করার আহ্বান জানিয়ে আবু ছাইদ বলেন, ‘এটি শুধু আমাদের একটি পুনর্মিলনী নয়-এটি আমাদের শৈশব, আমাদের বন্ধুত্ব, আমাদের স্মৃতি এবং আমাদের প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি ভালোবাসার মিলনমেলা। এই মিলনমেলা হবে এক জেনারেশনের সঙ্গে আরেক জেনারেশনের ভালোবাসা, মমত্ব ও শ্রদ্ধাবোধের গর্বিত নিদর্শন।’
আয়োজকরা জানান, ‘শেকড়ের টানে, ফিরে আসি প্রিয় প্রাঙ্গণে’-এই স্লোগানকে সামনে রেখে এবারের পুনর্মিলনী আয়োজন করা হচ্ছে। ২৫ ডিসেম্বরের অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত ও বিদেশে থাকা প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি ব্যাপক আয়োজনের প্রত্যাশা করছেন তারা।
/অ